এক বীজ জন্ম লয়
গতকাল ছিল আন্তর্জাতিক কফি দিবস, আর টেবিলের এই চার কাপের দিকে তাকিয়ে মনে হলো, এর পেছনে যে হাজার বছরের ইতিহাস, তার প্রতিটা ধাপেই ছিল একটা করে "প্রথম": প্রথম কফি, প্রথম কফি হাউস, ভারতে প্রথম বীজ, কলকাতার প্রথম আসর।
তোড়া
Oct 2, 2026

বিকেল সাড়ে চারটা। ল্যাপটপের স্ক্রিনে তখনও সেই একই স্প্রেডশিট, যেটা সকাল থেকে খোলা। টেবিলের ওপর সার বেঁধে দাঁড়িয়ে চারটে খালি কাপ - প্রথমটা আইরিশ কফি, শেষেরটা কোল্ড ব্রু, মাঝের দুটো এখন আর মনেও নেই ঠিক কী ছিল।
রোজ এই ক্যাফেতে যত না আড্ডা দিতে আসি, তার চেয়ে ঢের বেশি আসি কাজের কথা বলতে - একটা মিটিং সারতে, একটা প্রেজেন্টেশন ফাইনাল করতে, বা একাকীত্বের একঘেয়েমি থেকে বাঁচতে। লকডাউনের পর থেকে এই দৃশ্যটা যেন আমাদের রোজকার রুটিনের প্রায় অংশ হয়ে গেছে । কফিশপ এখন শুধু আড্ডার জায়গা নয়, হয়ে উঠেছে অফিসের বর্ধিত রূপ, একটা "থার্ড স্পেস"। যেখানে ওয়াইফাই আর এসপ্রেসো মেশিনের শব্দই যেন প্রোডাক্টিভিটির নতুন সংজ্ঞা।
গতকাল ছিল আন্তর্জাতিক কফি দিবস, আর টেবিলের এই চার কাপের দিকে তাকিয়ে মনে হলো, এর পেছনে যে হাজার বছরের ইতিহাস, তার প্রতিটা ধাপেই ছিল একটা করে "প্রথম": প্রথম কফি, প্রথম কফি হাউস, ভারতে প্রথম বীজ, কলকাতার প্রথম আসর। চলুন, এক এক করে দেখি। গল্পটা আপনার ভাবনার চেয়ে ঢের বেশি নাটকীয়।
নবম শতকের ইথিওপিয়ার ঘন জঙ্গলে ছাগল চরাচ্ছিলেন কালদি নামের এক রাখাল। হঠাৎ খেয়াল করলেন, তার ছাগলগুলো একটা নির্দিষ্ট ঝোপের লাল রঙের ফল খাওয়ার পর কেমন যেন অস্বাভাবিক রকম চনমনে হয়ে উঠছে - লাফাচ্ছে, ছুটোছুটি করছে, রাতে ঘুমাতেই চাইছে না। কৌতূহলী কালদি নিজেও চেখে দেখলেন সেই রহস্যময় ফল। তারপর থেকেই যেন বদলে গেল মানব সভ্যতার সকালের রুটিন - চা নয়, ওয়াইনও নয়, বরং একটা কালো তেতো তরল হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রিয় পানীয়।
গল্পটা কতটা সত্যি, কতটা লোককথা - সেই বিতর্ক থাকুক ইতিহাসবিদদের জন্য। আমরা গল্পে ফিরি, ইয়েমেনের সুফি সাধকরাই প্রথম এই ফলের বীজ শুকিয়ে, পুড়িয়ে, ফুটিয়ে বানালেন আজকের পরিচিত "কফি" - রাতভর নামাজ-জাগরণে ঘুম তাড়াতে এটাই হয়ে উঠল তাদের গোপন অস্ত্র। সেখান থেকে অটোমান সাম্রাজ্যের রাজদরবার, তারপর ইউরোপের অলিগলি - পথে পথে কফি পেয়েছে নানান নাম, কখনো "শয়তানের পানীয়" বলে নিষিদ্ধ হওয়ার হুমকি, কখনো বা পোপের অনুমোদন নিয়ে খ্রিস্টান জগতে জায়গা করে নেওয়ার গল্প।
কিন্তু "কফি" থেকে "কফি হাউস" - এই পথ খুব একটা সহজ ছিল না । পনেরো-ষোলো শতকের মক্কা নগরীতে প্রথমবার তৈরি হয় এমন একটা জায়গা, যেখানে মানুষ প্রকাশ্যে বসে কফি খেত, গল্প করত, দাবা খেলত। নাম তার "কাহওয়া খানে"। ১৫১১ সালের নথিতে এই কফি হাউসের অস্তিত্বের প্রথম স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যা যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে ক্রমশ । কফি এখানেই প্রথমবার হয়ে ওঠে একলা খাওয়ার জিনিস থেকে একসাথে বসার উপলক্ষ্য।
এই "একসাথে বসা"-র ধারণাটাই পরে ভ্রমণ করেছে মহাদেশ পেরিয়ে - অটোমান দরবার থেকে ভেনিসের বন্দর, আর সেখান থেকে গোটা ইউরোপে। কিন্তু কফি নিজের জায়গা করে নিয়েছে অনেক সন্দেহ আর বিতর্ক পেরিয়ে, আগেই বলেছি।
তবে এই গোটা যাত্রায় একটা অধ্যায় প্রায়ই বাদ পড়ে যায় - কফি প্রথমবার ভারতের মাটি ছুঁয়েছিল কীভাবে? জনশ্রুতি বলে, সপ্তদশ শতকে বাবা বুদান নামের এক সুফি সাধক হজ থেকে ফেরার পথে ইয়েমেনের মোখা বন্দরে থামেন। তখন আরবরা কফি বীজ রপ্তানিতে কড়া নিয়ম রেখেছিল - কাঁচা বীজ বাইরে যেতে দেওয়া হতো না, যাতে অন্য কেউ নিজে চাষ করে তাদের একচেটিয়া বাজার নষ্ট করতে না পারে। কিন্তু বাবা বুদান সাহস করে সাতটা কাঁচা বীজ কোনোভাবে লুকিয়ে নিয়ে আসেন - কেউ বলেন দাড়িতে, কেউ বলেন জামার ভেতরে। ফিরে এসে কর্ণাটকের এক পাহাড়ে রোপণ করেন সেই বীজ। আজ সেই পাহাড় পরিচিত "বাবা বুদানগিরি" নামে - ভারতীয় কফির জন্মস্থান বলে গণ্য, যদিও এই গল্পেরও প্রত্যক্ষ সমসাময়িক দলিল নেই।
আর কলকাতা? এই শহরের সঙ্গে কফির সম্পর্কটাও কম নাটকীয় নয়। ইতিহাস বলছে, কলকাতায় প্রথম কফি হাউস চালু হয়েছিল ১৭৮০ সালে, পলাশীর যুদ্ধের কয়েক দশক পরে। কলেজ স্ট্রিটের আজকের বিখ্যাত "কফি হাউস" অবশ্য অনেক পরের গল্প।

অ্যালবার্ট হল নামের ভবনটা তৈরি হয়েছিল ১৮৭৬ সালে, পরে কফি বোর্ডের হাত ধরে সেখানে কফি হাউস চালু হয়, আর কর্মীদের সমবায় একে বাঁচিয়ে রাখে।সেই থেকেই এই জায়গা হয়ে ওঠে কবি, লেখক, বিপ্লবী, প্রেমিক-প্রেমিকাদের আড্ডার ঠিকানা - যেখানে কফি জুড়িয়ে যেত টেবিলে পড়ে থাকা অবস্থায়, কিন্তু তর্ক থামত না।
আজ, সেই কফি হাউসের টেবিল থেকে বহু দূরে, আমরা আবার ফিরে এসেছি কফিশপে। সামনে ল্যাপটপ, পাশে চারটে খালি কাপ - মাঝের দুটোয় এসপ্রেসো শট ছিল, তা এতক্ষণে মনে পড়ল।
জায়গাটা বদলেছে, কফির স্বাদ বদলেছে, বদলেছে আড্ডার ভাষাও। কিন্তু একটা জিনিস বোধহয় বদলায়নি—কফির টেবিলকে ঘিরে মানুষ একসঙ্গে বসার প্রয়োজন।
কখনও সেই বসা ছিল সুফি সাধকদের রাত জাগার সঙ্গী, কখনও দাবার বোর্ডের পাশে, কখনও কবি-লেখকের তর্কে, কখনও বিপ্লবীর গোপন কথায়। আর আজ, হয়তো কোনও স্প্রেডশিটের পাশে বসে কেউ আবার নিজের প্রেজেন্টেশন বানাচ্ছে।
কফি তাই শুধু এক কাপ পানীয়ের ইতিহাস নয়। এটা মানুষের একসঙ্গে বসার ইতিহাসও—কখনও আড্ডার জন্য, কখনও কাজের জন্য, কখনও শুধু একা না থাকার জন্য।
অন্য টেবিলের চারটে কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়।
স্ক্রিনে স্প্রেডশিটটা এখনও খোলা।
আড্ডা কিন্তু শেষ হয় না।
